প্রত্যার্পণের আগেই পৃথিবী ছাড়লেন ম্যাকাফি
মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত আসার কয়েক ঘণ্টার মধ্যেই কারা কক্ষে মিলল জন ম্যাকাফির মৃতদেহ। জীবনাবসানের এই সময়ে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হতাশায় আক্রান্ত হয়ে নয় মাসের করাবাসে কারা কক্ষে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানেন এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার অগ্রদূত। তার আইনজীবী হাভিয়ের ভিলালবা’র বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্পেনের পুলিশ কর্তৃপক্ষ বলছে, কারা চিকিৎসকরা সবরকম চেষ্টা করলেও সফল হননি। কাতালান বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, "সবকিছু ইঙ্গিত করে" ম্যাকএফি নিজেই তার জীবনের সমাপ্তি ঘটিয়েছেন।
জীবনের বেশিরভাগ সময় নানা কারলে বিতর্কিত হয়েছেন অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি। তার হাত ধরেই বহু বিলিয়ন ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্পের শুরু হয়। এক পর্যায়ে প্রযুক্তি জায়ান্ট ইনটেলের কাছে ৭৬০ কোটি ডলারেরও বেশি মূল্যে তিনি ‘ম্যাকাফি অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড’ বিক্রি করে দেন।
মূলত, ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা খ্যাতির আলোয় আসেন ৮০-এর দশকে যখন তিনি ম্যাকাফি ভাইরাসস্ক্যান তৈরি ও প্রকাশ করেন। আর বিশ্বের প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার উদ্ভাবন করায় রয়টার্স তাকে “লার্জার দ্যান লাইফ সফটওয়্যার মুঘল” বলে আখ্যায়িত করেছে।
গত বছরের অক্টোবর মাসে তুরস্কগামী একটি ফ্লাইটে ওঠার সময় জন ম্যাকএফি স্পেনে গ্রেফতার হন। তার বিরুদ্ধে বিভিন্ন কনসালটেন্সি, বক্তৃতা থেকে আয়, ক্রিপ্টোকারেন্সি এবং নিজের জীবনকাহিনির স্বত্ত বিক্রি থেকে বহু কোটি ডলার আয় করা সত্ত্বেও চার বছরের ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ ছিল।
এই অভিযোগে স্পেনের শীর্ষ আদালত বুধবার সকালে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণের অনুমোদন দেয়। তবে তার আগেই পৃথিবী ছাড়লেন ম্যাকাফি।